উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৬, রাষ্ট্রীয় শোক ঘোষণা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি সেবা প্রদানের জন্য হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭

সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মোঃ সায়েদুর রহমান

আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মাইলস্টোন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া সাংবাদিকদের জানান, “স্কুল ভবনের দোতলার প্রবেশমুখে বিমানটি আছড়ে পড়ে। ওই সময় স্কুল ছুটি হয়ে গিয়েছিল। কিছু শিক্ষার্থী বাইরে বের হলেও অনেকেই তখনো ভেতরে ছিল। বিধ্বস্তের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।”

ঘটনার পর সরকার মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়াও, নিহত ও আহতদের স্মরণে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।