নিজস্ব প্রতিনিধি:
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিখোঁজ এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) পূর্ব জাভা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা থালিব এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, বুধবার (২ জুলাই) রাতে ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় ৩০ মিনিট পর এটি সাগরে ডুবে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বিএএসএআরএনএএস) জানিয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক। বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, উদ্ধার হওয়া আরোহীদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন।বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। তবে সাগরে দুই মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা উদ্ধারকাজে বড় বাধা সৃষ্টি করছে। ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতের জন্য মানুষ ফেরির ওপর নির্ভরশীল। প্রায়শই এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না।
