রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লেইला আলিয়েভা ও আরজু আলিয়েভা।
বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল-টু-পিপল এক্সচেঞ্জ) আরও জোরদার করার নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা তার পূর্ববর্তী বাকু সফরের অভিজ্ঞতা এবং কপ-২৯ সম্মেলনের সময় প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। তিনি বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেইলা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের শুভেচ্ছা পৌঁছে দেন। পরিবেশ ও বিশেষ করে বন্যপ্রাণী সংরক্ষণে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তারা।
এটি বাংলাদেশের প্রতি আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের প্রথম সফর। সফরকালে তারা ঢাকার একটি প্রতিষ্ঠানে যান, যা এতিম ও অভিভাবকহীন শিশুদের সহায়তা করে। বৈঠকে জানানো হয়—হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংগঠনগুলোর সঙ্গে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণমূলক প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।
বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মরশেদও উপস্থিত ছিলেন।
