আশ্রয়প্রাপ্ত ৩৬ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান।

লেখক: Arif Hasan
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ভারতের বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় প্রথম ধাপে মোট ৩৬ জন বাংলাদেশি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। এদের মধ্যে ওড়িশা রাজ্যে ৩৫ জন এবং আসাম রাজ্যে একজন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন। ধর্মীয় নিপীড়নের কারণে যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের জন্য এ সিদ্ধান্ত বড় স্বস্তির খবর। দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।ওড়িশা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক। ২০১৯ সালে প্রণীত সিএএ অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে আসা এই ৩৫ জন অভিবাসীকে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নাগরিকত্বের সনদ দেওয়া হয়।এর ফলে ওড়িশা রাজ্যে সিএএ-এর আওতায় নাগরিকত্বপ্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে আরও প্রায় ১ হাজার ১০০টি আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। ওড়িশার জনশুমারি দপ্তরের তথ্য অনুযায়ী, সদ্য নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী।

নাগরিকত্বপ্রাপ্তদের একজন পরিতোষ সরকার জানান, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পর প্রতিশোধমূলক সহিংসতায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর গণহত্যা, জোরপূর্বক ধর্মান্তর ও যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সে সময় তার পরিবার বাংলাদেশ ছেড়ে ওড়িশার নবরংপুর জেলার উমরকোট এলাকায় আশ্রয় নেয়। দীর্ঘ কয়েক দশক পর এবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন।এদিকে, আসামে প্রথমবারের মতো নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। শ্রীভূমি জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী ওই নারী ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবী ধর্মানন্দ দেব জানান, চিকিৎসার প্রয়োজনে শিলচরে আসার সময় তার সঙ্গে স্থানীয় এক যুবকের পরিচয় হয় এবং পরে তাদের বিয়ে হয়।

বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে।আইনজীবী ধর্মানন্দ দেব আরও বলেন, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৫(১)(সি) ও ৬বি ধারার অধীনে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ওই নারীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এসব ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেন এবং টানা সাত বছর ভারতে বসবাস করেন, তাহলে নিবন্ধনের মাধ্যমে তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারেন। ২০২৪ সালের ১১ মার্চ থেকে কার্যকর হওয়া বিধি অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেই বিধান অনুসারেই ওড়িশায় নতুন করে এই ৩৫ জন বাংলাদেশি নাগরিকত্ব অর্জন করেছেন।