আন্তর্জাতিক ডেস্ক:
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যের পর আলাপকালে নিজেকে একজন ‘স্বৈরশাসক’-এর সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন, ‘আমরা একটি ভালো ভাষণ দিয়েছি, দারুণ প্রতিক্রিয়া পেয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না, আমরা ওই ভাষণের জন্য ভালো রিভিউ পেয়েছি।’তিনি আরও বলেন,সাধারণত তারা (সমালোচকরা) বলে যে, আমি একজন ভয়ংকর স্বৈরশাসক-টাইপের মানুষ, আমি একজন স্বৈরশাসক। কিন্তু কখনো কখনো স্বৈরশাসকের দরকার হয়! ব্যাপকভাবে উপহাসের শিকার হওয়া ডব্লিউইএফ-এ দেয়া নিজের সেই ভাষণে, ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের দাবি তোলেন এবং কানাডা ও ইউরোপের প্রতি হুমকি দেন।
২০২৫ সালের আগস্টে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সমর্থিত কঠোর অভিযানের অংশ হিসেবে পতাকা পোড়ানোদের বিরুদ্ধে মামলা করার আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, আমেরিকানরা হয়তো একজন স্বৈরশাসককেই পছন্দ করবে।তিনি সাংবাদিকদের বলেন,তারা বলে, আমাকে তাদের দরকার নেই। স্বাধীনতা, স্বাধীনতা। সে একজন স্বৈরশাসক। কিন্তু অনেক মানুষ বলছে, হয়তো আমরা একজন স্বৈরশাসকই পছন্দ করি।তবে পরে তিনি আবার বলেন, ‘আমি স্বৈরশাসককে পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন মানুষ, যার সাধারণ বুদ্ধি খুব ভালো এবং আমি একজন বুদ্ধিমান ব্যক্তি।
২০২৪ সালের নির্বাচনের আগে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি স্বৈরশাসক হবেন, তবে শুধু দায়িত্ব গ্রহণের প্রথম দিনই। এছাড়াও, বিভিন্ন সময় পুতিন, শি জিনপিং, কিম জং উনের মতো নেতাদের ‘শক্তি, বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ ক্ষমতা’র জন্য প্রশংসা করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি
