অমর একুশে বইমেলা ২০২৬ শুরু ২৫ ফেব্রুয়ারি। স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্তে প্রকাশকদের স্বস্তি, বইপ্রেমীদের উচ্ছ্বাস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ভাষার মাস ফেব্রুয়ারিকে ঘিরে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলাকে কেন্দ্র করে প্রকাশক ও পাঠকমহলে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।

১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমি-র শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মোঃ মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ।

সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়—২০২৬ সালের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তাদের ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে; একইদিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি একই স্থানে আরেকটি মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফের ঘোষণা দিয়েছিলেন। সর্বশেষ সিদ্ধান্তে তা আরও সম্প্রসারিত হয়ে সম্পূর্ণ মওকুফে পরিণত হয়েছে, যা প্রকাশনা শিল্পের জন্য বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে যারা অতিরিক্ত অর্থ জমা দিয়েছেন, তা ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে।

প্রকাশকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বইপ্রকাশ ও বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রমজান মাসে আয়োজিত হতে যাওয়া এ বইমেলায় ইফতার-পরবর্তী সময়েও থাকবে পাঠকের উপস্থিতি—এমন প্রত্যাশা সবার। অনেকেই বলছেন, এবারের ঈদে উপহার হিসেবে বই দেওয়ার প্রবণতাও বাড়বে।
একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি যেমন আমাদের ভাষা-আন্দোলনের স্মারক, তেমনি বইমেলা হয়ে উঠেছে বাঙালির সাংস্কৃতিক চেতনার প্রতীক। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি মেলা নয়; বরং ভাষা, সাহিত্য ও গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতার অংশ।

সদস্য-সচিব ড. মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল প্রকাশকের অংশগ্রহণে একটি জমজমাট ও অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনই আয়োজকদের লক্ষ্য।

ভাষার মাসে বইয়ের ঘ্রাণে আবারও মুখর হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ—এমন প্রত্যাশায় অপেক্ষা বইপ্রেমীদের।