নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে তারা ঢাকায় এসে পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।
আগামীকাল বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশেষজ্ঞ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন। তারা হলেন সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান।
জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছিলেন, মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে।
তিনি আরও বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। সেই অনুযায়ী সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আহতদের কেস রিপোর্ট পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন বিশেষায়িত নার্স আজ রাতে এসে পৌঁছাবেন। আশা করা যাচ্ছে, তারা আগামীকাল থেকেই চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
এ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন।
