স্পোর্টস ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। ফুটবলের সেরা আসরের ৯৬ বছরের ইতিহাসে কোন দল সেরা, তা নিয়েও চলছে বিশ্লেষণ। ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি আসরের পারফরম্যান্স বিশ্লেষণ করে ফিফা তৈরি করেছে ‘অলটাইম র্যাংকিং’।
সেই র্যাংকিংয়ে সবার ওপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। বিশ্বকাপের র্যাংকিংয়ে জয়ের ক্ষেত্রে ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট ধরা হয়েছে। এই ঐতিহাসিক র্যাংকিংয়ে প্রথমে বিবেচনায় আসে মোট পয়েন্ট। যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে ব্যবহৃত হয় গোল ব্যবধান, অর্থাৎ গোল করেছে কত এবং হজম করেছে কত, তার পার্থক্য। এর পরও সমতা থাকলে দেখা হয় মোট গোলের সংখ্যা।
সব হিসাবে ব্রাজিলই একমাত্র দল, যারা বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়েছে। ১১৪ ম্যাচে ২৪৭ পয়েন্ট নিয়ে তারা তালিকার ধরাছোঁয়ার বাইরে। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি তাদের গোল করার হার এবং ধারাবাহিকতা তাদের ইতিহাসের সবচেয়ে সফল দলে পরিণত করেছে।
২০২৬ আসরে তারা অংশ নিতে যাচ্ছে নিজেদের টানা ২৩তম বিশ্বকাপে। তাই ২০০২ সালের পর আর ট্রফি না জিতলেও বিশ্বকাপের অলটাইম র্যাংকিংয়ের টেবিলে এখনো শীর্ষে রয়েছে ব্রাজিল দল। ১১৪ ম্যাচে ৭৬ জয়, ১৯ ড্র ও ১৯ হারে মোট ২৪৭ পয়েন্ট তাদের। আর এই পথে ব্রাজিল করেছে ২৩৭ গোল এবং তাদের গোল ব্যবধান +১২৯। এ ছাড়া তারা জিতেছে পাঁচটি বিশ্বকাপ।
১৯৫৮ বিশ্বকাপে প্রথম শিরোপা জেতে তারা। এরপর ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। অলটাইম র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছে জার্মানি। অংশগ্রহণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। পশ্চিম জার্মানি ও একীভূত জার্মানির রেকর্ড মিলিয়ে ২০২২ পর্যন্ত তারা খেলেছে ২০টি বিশ্বকাপে। ১১২ ম্যাচে তাদের ২২৫ পয়েন্ট। বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। জার্মানি প্রথম বিশ্বকাপ জেতে ১৯৫৪ সালে।
এরপর ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ সালেও বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপের সর্বকালের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৮৮ ম্যাচে তারা ৪৭ জয়, ১৭ ড্র ও ২৪ হারে সংগ্রহ করেছে ১৫৮ পয়েন্ট। আর্জেন্টিনা করেছে ১৫২ গোল। গোল ব্যবধান +৫১। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।
