অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
রাত ১২টা অতিক্রম করার পর প্রথমেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর রাত ১২টা ১২ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
তাদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ, তিন বাহিনীর প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
