নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) পুনরায় সেবা কার্যক্রম শুরু করেছে।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই কেন্দ্রটিতে স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’।
ওই কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে, একই দিনে প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঠিক দুদিন আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, দুদিনের ব্যবধানে উভয় দেশের হাইকমিশনারকে তলবের এই ঘটনাগুলো ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। তাদের ধারণা, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েন এবার আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
