নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় ‘আলিশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত নারী পর্যটকের নাম ফাহিমা আক্তার (২৪)। হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবকের সঙ্গে ফাহিমা আক্তার কুয়াকাটায় ভ্রমণে আসেন। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।
তবে গতকাল বিকেল থেকে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় কক্ষের দরজা ভেতর থেকে ছিটকানি দেওয়া ছিল। ঘটনার পর থেকে স্বামী পরিচয়দানকারী আরিফ হোসেন পলাতক রয়েছেন।ওসি মো. মহব্বত খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
