নিজস্ব প্রতিনিধি:
স্ত্রী রিয়া মনির করা মামলার ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ তাকে আটক করা হয়।হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় রিয়া মনি মামলাটি দায়ের করেন। এ মামলায় হিরো আলমের পাশাপাশি আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
তার বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দেননি। তাই তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।মামলার বিবরণে বলা হয়েছে, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দিলে তিনি স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
পরে ২১ জুন বাদীর পরিবারকে নিয়ে হাতিরঝিল এলাকার একটি বাসায় মীমাংসার জন্য ডাকা হয়। সেখানে উপস্থিত হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তারা বাদীর বর্তমান বাসায় জোরপূর্বক ঢুকে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন।এ হামলায় রিয়া মনি গুরুতর আহত হন এবং তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ২৩ জুন তিনি হাতিরঝিল থানায় মামলাটি করেন।—
