নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় গরু চুরির সময় চার চোরকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৭ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো— চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার বেলগাছি এলাকার শিখন আলী (২৫), আলী কদর (২৬), মানিক ইসলাম (২৬) এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাক্সব্রিজ এলাকার সাব্বির হোসেন (২৬)। পুলিশ জানায়, মানিক ইসলামের বিরুদ্ধে চারটি চুরি ও একটি দস্যুতার মামলা, আলী কদরের নামে দুটি চুরি এবং সাব্বিরের নামে তিনটি চুরির মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ভোর চারটার দিকে তেঘরিয়া গ্রামের হামিদুলের গোয়ালঘরে ঢুকে গরু চুরির চেষ্টা করছিল চোর চক্রের সদস্যরা। এ সময় গরুর ডাক শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং চোরদের দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে চারজনকে হাতেনাতে ধরে ফেলে। তবে চক্রের আরও ৪-৫ জন সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আটক চারজনকে আহম্মদপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আজ ভোরে তেঘরিয়া এলাকা থেকে পেশাদার একটি চোর চক্রকে গরু চুরির সময় স্থানীয়রা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি চুরির চেষ্টার মামলা দায়ের হয়েছে। চক্রটি এর আগেও একই এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
