নিজস্ব প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে সহিংস ঘটনার পর পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত প্রায় ৩ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য শেষে বিক্ষোভকারীরা দরবার শরিফের দিকে যেতে চাইলে প্রশাসন বাধা দেয়।এ সময় উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ও থানার ওসির গাড়ি ভাঙচুর করে।
হামলায় পাঁচ পুলিশ সদস্য ও প্রশাসনের দুই কর্মকর্তা আহত হন।পরে বিক্ষুব্ধরা দরবার শরিফে প্রবেশ করে ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একপর্যায়ে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
