নিজস্ব প্রতিনিধি:
শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি তুলেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত অপমানজনক আচরণ করেছেন।
তিনি জানান, “আমাদের আজকের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান ও আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। পরে পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।”কাজী মোখলেছুর রহমান আরও বলেন, “আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যবোধ দেখাবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অবমাননাকর আচরণ করেছেন। এটি শুধু আমাদের নয়, গোটা শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে।”তিনি ঘোষণা দেন, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান আরও বলেন, “শিক্ষকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”শিক্ষকরা আরও দাবি জানিয়েছেন— চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল অনুমোদন এবং অনুদানহীন স্বীকৃত ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি ও ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনেরও দাবি জানিয়েছেন তারা।
