নিজস্ব প্রতিনিধি:
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাসুদ পাইলট। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেন।রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।পদত্যাগপত্রে পাইলট উল্লেখ করেন, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য ছিল বড় এক সম্মান ও গর্বের বিষয়। তবে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কোয়াবের পদ ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।
তাই তিনি অবিলম্বে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।উল্লেখ্য, কোয়াবের নির্বাচনে খালেদ মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। পরবর্তীতে ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে তিনি কোয়াবের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।ক্যাটাগরি-৩–এ মোট ভোট ছিল ৪৫টি। এর মধ্যে ভোট পড়ে ৪৩টি, যার একটি বাতিল হয়। বাকি ৪২ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে পরিচালক নির্বাচিত হন খালেদ মাসুদ। তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পান ৭ ভোট।
