স্পোর্টস ডেস্ক:
আসন্ন উয়েফা নেশনস লিগ ম্যাচের জন্য শুক্রবার নিজের প্রথম দল ঘোষণা করলেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, এবারের বিশ্বকাপই ছিল তার শেষ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন তা এখনও স্পষ্ট করেননি।
২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার বয়স হবে ৪৩। জেসুসকে নিয়োগ দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের জায়গায়। মার্তিনেজের অধীনে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল।জেসুসের আগের দায়িত্ব ছিল সৌদি আরবের আল-নাসর ক্লাবে, যেখানে রোনালদোর সঙ্গে গত মৌসুমে তারা লিগ শিরোপা জিতেছিলেন।
৭২ বছর বয়সী জেসুস এর আগে পর্তুগালের বেশ কয়েকটি ক্লাব যেমন বেনফিকা ও স্পোর্টিং লিসবনও কোচিং করেছেন।পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা (১৪৬ গোল)।জাতীয় দলের হয়ে তার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো শিরোপা জয়।
আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে নিজেদের মাঠে নেশনস লিগ শুরু করবে পর্তুগাল। ২৭ সেপ্টেম্বর নরওয়ের মাঠে খেলবে তারা।১ অক্টোবর ডেনমার্কে ম্যাচের পর ৪ অক্টোবর আবার নরওয়ের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে পর্তুগাল।
