বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

স্পোর্টজ ডেস্ক:

মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর এবার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।

রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে ব্রাজিলের প্রতিনিধি দল। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল দল।আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর ব্যস্ততা শেষে ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা বলা হয়েছে।বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ব্রাজিলের প্রস্তাবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের ফাইনাল হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে টুর্নামেন্টের সূচি ও জাতীয় দলের প্রস্তুতি বিবেচনায় নিয়েই ব্রাজিলের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাফুফেকে।এদিকে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ আয়োজনের জন্যই ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।ভারত সফরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। ফলে অক্টোবরের সম্ভাব্য ম্যাচটি বাস্তবে রূপ নিলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটি হবে বিশেষ এক উপলক্ষ।এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ সময় পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি কোনো দলকে ঢাকায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের জাতীয় দলের সূচি ও অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।