সংবাদ সারাক্ষণ ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব জমা দিতে যাচ্ছেন মালিকপক্ষের প্রতিনিধিরা।
আজ সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় এ প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। গত ১৬ নভেম্বর এ সভা হওয়ার কথা থাকলেও পরে তা পুনর্নির্ধারণ করা হয়।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দুই নেতার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষ ঘণ্টায় নয়, মাসিক মজুরি হিসেবে ১১৩ থেকে ১১৫ ডলারের সমপরিমাণ অর্থ প্রস্তাব করতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা হিসাবে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৩০০ টাকা।
দুই বছর আগে, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত বর্তমান ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
এর আগে, গত ৯ নভেম্বর শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর গঠিত মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অঙ্ক প্রায় ২৫৬ ডলার ৫০ সেন্ট।
শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব গ্রহণযোগ্য না হলে চলমান শ্রম অসন্তোষ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
এদিকে গতকাল রোববার সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। তাদের দাবি, মজুরি বাড়াতে হবে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ১১টার দিকে একটি কারখানার প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক গড়গড়িয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহগামী সড়ক ধরে এগিয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯টি পোশাক কারখানা গতকাল খুলে দেওয়া হয়েছিল।
অন্যদিকে সাভার ও আশুলিয়ায় গতকাল বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২১টি কারখানা বন্ধ ছিল। আরও ১৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। মালিকপক্ষের প্রতিনিধি প্রস্তাব জমা দিলে আশা করছি, শিগগিরই প্রধান শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’
তিনি বলেন, কারখানা বন্ধের সংখ্যাও কমছে। আগে যেসব কারখানা বন্ধ ছিল, সেগুলোর বেশির ভাগই গতকাল উৎপাদন শুরু করেছে।
এদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
তবে বিজিএমইএর অভিযোগ—সিপিডির এই হিসাবের মধ্যে বাসাভাড়ার খরচ দুইবার গণনা করা হয়েছে। বিজিএমইএ জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপে (এইচআইইএস) খাদ্যবহির্ভূত ব্যয়ের অংশে বাসাভাড়ার খরচ আগে থেকেই অন্তর্ভুক্ত ছিল। ফলে আলাদাভাবে ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুইবার গণনার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া, দেশে পরিবারের গড় সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও সিপিডি তাদের হিসাবে তুলনামূলক বড় পরিবারের সদস্যসংখ্যা ব্যবহার করেছে বলে অভিযোগ তোলে বিজিএমইএ।
বিজিএমইএর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিপিডি। লিখিত জবাবে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, আবাসন ব্যয় আলাদাভাবে হিসাব করা হয়েছে; একই ব্যয় দুইবার গণনা করা হয়নি।
সিপিডি জানায়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় হিসাব করার আগে খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাড়িভাড়া ও খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দেওয়া হয়েছে। এরপর পোশাক, ইউটিলিটি বিল, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগের মতো খাতের ব্যয় হিসাব করা হয়েছে।
তুলনামূলক বেশি বা কম মানের প্রভাব এড়াতে সিপিডি পরিবারের গড় সদস্যসংখ্যার পরিবর্তে মধ্যক সদস্যসংখ্যা ব্যবহার করেছে। সিপিডির ভাষ্য, তাদের নির্ধারিত ন্যূনতম মজুরি ও জীবনধারণের উপযোগী মজুরির হিসাব কোনো চূড়ান্ত প্রস্তাব নয়; বরং এ বিষয়ে আলোচনার ভিত্তি তৈরির জন্য দেওয়া একটি নির্দেশক হিসাব।
মজুরি-সংক্রান্ত সুপারিশ তৈরির ক্ষেত্রে শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানি মূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিপিডি।
প্রতিষ্ঠানটি আশা করছে, মজুরি বোর্ড শ্রমিকদের প্রয়োজনের পাশাপাশি দেশের অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় নেবে।
সিপিডি আরও বলেছে, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার কিংবা দুর্নীতির মতো শাসনব্যবস্থার সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দিয়ে তাদের মজুরি কম রাখা ঠিক হবে না।
