স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ তিন সেঞ্চুরিতে রেকর্ড ৪০৫ রান করেছিল। ভারত পাল্টা জবাব দিলো দারুণভাবে। দুই ওপেনারই করলেন সেঞ্চুরি। তাতে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড হয়ে গেল।
বুধবার গুয়াহাটিতে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ব্যাটার জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু করেন সেঞ্চুরি। ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ তিনটি শতরানের যৌথ রেকর্ড গড়েন তারা। তারপর শুবমান গিলও সেঞ্চুরির দেখা পান। ভারতের এই ব্যাটার ৬২ বলে তার ১১তম সেঞ্চুরি হাঁকান। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির দেখা মেলে।
১৯৯৮ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমবার চারটি সেঞ্চুরি হয়েছিল। পাকিস্তানের ইজাজ আহমেদ, মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেন।তারপর দীর্ঘদিন পর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল। ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে সেঞ্চুরি করেন শেন ওয়াটসন, জর্জ বেইলি ও স্বাগতিকদের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।
তারপর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল ২০২৩ সালে, হায়দরাবাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিন অঙ্কের ঘরে পৌঁছান। এবার সব রেকর্ড ভেঙে দিলো ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।গিলের পর রোহিত ৭২ বলে সেঞ্চুরি করেন। তাতে ওয়ানডেতে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লিখল ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ।তবে লিস্ট এ ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি হলো। প্রথমবার ২০২৫ সালে রাজকোটে বারোদা বনাম হায়দরাবাদ ম্যাচে এমন কীর্তি দেখা গিয়েছিল।
