নারীদের ফুটবল খেলা বন্ধে মাঠে হামলা!

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে স্থানীয় কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আসরের নামাজের পর তারা মাঠের টিনের বেড়া ভেঙে দেয়।

টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন জানান, বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার আসরের নামাজের পর মুসল্লিরা মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নারী দলের ফুটবল খেলার আয়োজনের প্রচার করা হলে মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে মিছিল ও বক্তব্য দেন। এরপর তারা মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, নারী দলের খেলা আয়োজন এবং মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জানিয়েছেন, স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার উভয় পক্ষের সঙ্গে বৈঠক করা হবে।

উল্লেখ্য, প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য ৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল। বুধবারের ম্যাচটি দেড় মাসের মধ্যে প্রথম নারীদের ম্যাচ হিসেবে আয়োজন করা হচ্ছিল।