বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ে নতুন মাইলফলক ছুঁয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তিশালী এবং হার্ডহিটারদের দল হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
কিংসটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। শুরুটা ভালো করেন পারভেজ হোসেন ইমন, যিনি ২১ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। লিটন দাস (১৪) ও তানজিদ তামিম (৯) দ্রুত আউট হলেও, মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। তবে আসল তারকা ছিলেন জাকের আলী। তার ব্যাট থেকে আসে ৪১ বলে ৭২ রানের অসাধারণ ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা। তানজিম হাসান সাকিব ১২ বলে ১৭ রান যোগ করেন, যা দলকে বড় স্কোর গড়তে সহায়তা করে।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই চাপে পড়ে। ইনিংসের দ্বিতীয় বলেই তাসকিন আহমেদ ব্রেন্ডন কিংকে (০) এলবিডব্লিউ করেন। পরের ওভারে শেখ মেহেদি তুলে নেন জাস্টিন গ্রেভসকে (৫ বলে ৬)। এরপর নিকোলাস পুরান ও জনসন চার্লস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মেহেদি ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে ক্যারিবীয়রা ব্যাকফুটে চলে যায়।
মাঝের ওভারে রিশাদ হোসেন দুর্দান্ত ফিল্ডিং ও বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের একের পর এক আউট করেন। ১৬.৪ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। রোমারিও শেফার্ড (২৭ বলে ৩৩) কিছুটা লড়াই করলেও দলের ভরাডুবি আটকাতে পারেননি।
বাংলাদেশের হয়ে রিশাদ ৩টি, তাসকিন ও মেহেদি ২টি করে উইকেট নেন। এ জয়ে টাইগাররা প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করলো। বিদেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের দ্বিতীয় হোয়াইটওয়াশ, যা ক্রিকেট ইতিহাসে তাদের জন্য অনন্য এক অর্জন।
