নিজস্ব প্রতিনিধি:
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার না ছাড়ার অঙ্গীকার করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আন্দোলনের অংশ হিসেবে তারা কালো পতাকা মিছিল করবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ১০ অক্টোবর রাতে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ ও ভাতা বৃদ্ধিতে বিলম্বের কারণে গতকাল থেকে অনশন শুরু হয়েছে।
অধ্যক্ষ আজিজী বলেন, প্রাথমিক শিক্ষকদের প্রায় চার লাখ সদস্য এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। পাশাপাশি -এর ভিপিসহ অনেকেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
তিনি আরও বলেন, “ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না।” আজ দুপুর ১২টার কালো পতাকা মিছিলের মাধ্যমে তারা রাষ্ট্রের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
শিক্ষক নেতাদের হুঁশিয়ারি—স্কুলে ঘণ্টা বাজবে না, ক্লাস হবে না, শহীদ মিনারই হবে তাদের একমাত্র ঠিকানা। এর আগে ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
সরকার বাড়ি ভাতা ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি—বাড়ি ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করতে হবে। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
