নিজস্ব প্রতিনিধি:
ডাকসু ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, তিন দফা দাবিকে সামনে রেখে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছে। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি দৃশ্যমানভাবে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে।সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।দাবি–১: ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সরাসরি হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগী সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় এনে যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই তথাকথিত কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব পদক্ষেপ অবিলম্বে দৃশ্যমান করতে হবে।দাবি–২: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের গাফিলতি আর গ্রহণযোগ্য হবে না।দাবি–৩: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।ডাকসু ভিপি সাদিক কায়েম আরও বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি না দেখা গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
