নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের সবাই প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) টেনেসির অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস নামের ওই কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে আশপাশের ঘরবাড়িতেও তা অনুভূত হয়। বিস্ফোরণে কারখানার একটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে, ফলে উদ্ধারকাজে ব্যাপক বাধার সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে আশেপাশে থাকা বিস্ফোরক পদার্থের ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা কাজ শুরু করতে পারেননি। আশঙ্কা করা হচ্ছিল, যে কোনো সময় আরও বিস্ফোরণ ঘটতে পারে।কারখানাটি পাহাড়ঘেরা বনাঞ্চলে অবস্থিত, ন্যাশভিল শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
