নিজস্ব প্রতিনিধি:
আকাশে জমেছে মেঘের ভেলা, শুরু হয়েছে বৃষ্টির সুর। কোথাও পড়ছে হালকা ফোঁটা, কোথাও নেমে আসছে ভারী বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে ভিজতে প্রস্তুত পুরো বাংলাদেশ।রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে।সোমবার থেকেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
ঢাকাসহ উত্তরাঞ্চলেও মিলতে পারে একই আবহাওয়া। কোথাও কোথাও বইতে পারে দমকা হাওয়া, আর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় নামতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।আগামী কয়েক দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি প্রভাব পড়বে, পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু অংশেও বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া বিরাজ করবে— দেশের প্রায় সব বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি নামবে।
তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে, তবে কোনো কোনো দিন সামান্য কমতে বা বাড়তে পারে।বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষভাগজুড়ে দেশের আকাশে শোনা যেতে পারে টানা বৃষ্টির গান।
