কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, চিকিৎসার টাকা লুট।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চালক ও যাত্রীদের হত্যার হুমকি দিয়ে রোগীর চিকিৎসার জন্য রাখা ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাতলামারী এলাকার মাঠে। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, লিটন আলী নামের এক ব্যক্তি হৃদরোগ ও ডায়াবেটিসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।রাত প্রায় ১টার দিকে পিপুলবাড়িয়া এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্স থামায়। এরপর ৫-৬ জনের একটি দল দেশীয় অস্ত্র হাতে চালক ও রোগীর স্বজনদের জিম্মি করে।

অস্ত্রের মুখে সবাইকে হত্যার হুমকি দিয়ে চিকিৎসার জন্য রাখা ৩০ হাজার টাকা নিয়ে যায়।এ ব্যাপারে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান বলেন, রাতে মাঠের মধ্যে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।