নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে মোতায়েন থাকা পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে। এ ঘটনায় ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে এবং এক উপ-পরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ মোট পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মন্দিরের ভিতরে নির্মাণাধীন একটি ভবন থেকে এই চুরির ঘটনা ঘটে। ডিএমপি গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।ডিএমপি জানায়, মন্দিরে ডিউটিরত পুলিশদের থাকার জন্য বাউন্ডারির মধ্যে নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল।
ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে ঘুমানো চারজন পুলিশ ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে চারটি ব্যাগ, দুইটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল।পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন পতিত জমির পাশে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলি অক্ষত অবস্থায় পাওয়া যায় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।ডিসি তারেক মাহমুদ বলেন, ডিউটিরত পুলিশদের মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এটি স্পষ্টভাবে দায়িত্ব অবহেলা। এজন্য বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
