গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে একটি পাকা গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের ইউসুফ হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার।
ইউসুফ হাজি বলেন, রাতে গোয়ালঘর থেকে ২ টি বকন ও ২ টি ষাড় চুরি হয়েছে। ৪ টি মহিষের আনুমানিক মূল্য হবে ১২ লাখ টাকা।
স্থানীয়রা বলেন, দিবাগত রাত দশটার দিকে একটি পিকআপ ট্রাক এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তারা। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় চোর চক্রের সদস্যরা বাড়িতে প্রবেশ করে পাকা গোয়ালঘরের তালা ভেঙ্গে চারটি মহিষ নিয়ে যায়। ধারনা করা হচ্ছে মহিষগুলো ওই ট্রাকেই নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ইউসুফ হাজি বলেন, প্রতিদিনের ন্যায় গতকালও রাত ১১ টার দিকে মহিষগুলো পরিচর্যা শেষে সন্ধায় বৈদ্যুতিক লাইট জালিয়ে গোয়ালঘরে তালা দেন তিনি। রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন তারা। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। গোয়ালঘরে একটি মহিষও নেই। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মহিষগুলোর সন্ধান পাওয়া যায়নি। প্রশাসনের নিকট তিনি চুরি হওয়া মহিষগুলো উদ্ধার ও চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মহিষগুলো বিক্রি করবেন বলে বিভিন্ন দালালের সঙ্গে কথাও বলেছেন। গত কয়েক দিন আগে তাঁর বাড়িতে মহিষগুলো দেখতে এসেছিলেন দালালরা। তবে তিনি তাঁদের পরিচয় জানেন না।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, মুঠোফোনে বলেন, গুরুদাসপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি রোধ করতে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, চুরি সংক্রান্ত থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
