নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)। ঘটনার পর থেকে বড় ভাই পলাতক রয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোগরাপাড়া ইউনিয়নের আলাপদীতে এ হত্যাকাণ্ড ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আক্তার হোসেন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই খোকা নিহত হন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এসআই মো. সানোয়ার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ডাব পাড়া নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়। ঘটনার পর থেকে আক্তার হোসেন পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
