নিজস্ব প্রতিনিধি:
আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেবেন। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান।
অন্যদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরোধিতা করেন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।
এই মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। তাদের পক্ষে মো. আমির হোসেনকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে আছেন এবং আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
