বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে একের পর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্বার রাজশাহী। মাঝপথে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া জটিলতার পর এবার নতুন বিতর্ক জন্ম দিল দলটির হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত।
রাজশাহীর ম্যানেজমেন্ট আজ (বুধবার) ঢাকায় বসবাসকারী ক্রিকেটারদের হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। খেলোয়াড়দের উদ্দেশ্যে পাঠানো বার্তায় বলা হয়েছে—
“আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। দল বর্তমানে যে অবস্থানে রয়েছে, তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ঢাকার বাইরে যারা থাকেন তারা হোটেলে অবস্থান করবেন, কিন্তু ঢাকায় নিজেদের বাড়ি থাকা খেলোয়াড়দের আজই হোটেল চেক আউট করতে হবে। তবে পহেলা ফেব্রুয়ারি থেকে তারা আবার হোটেলে ফিরতে পারবেন।”
রাজশাহীর এমন সিদ্ধান্তে খেলোয়াড়দের মধ্যে বিস্ময় দেখা দিলেও, কিছুক্ষণ পর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়। তাদের দাবি, এটি আসলে ছুটির ব্যবস্থা, যা কিছু ক্রিকেটারের অনুরোধেই দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—
“কয়েকজন ক্রিকেটারের অনুরোধের ভিত্তিতে রাজশাহী ম্যানেজমেন্ট তিন দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ঢাকায় বসবাসকারী ক্রিকেটাররাই এ অনুরোধ করেছিলেন। তবে, যারা ঢাকার বাইরে থাকেন, তারা বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে হোটেলেই থাকবেন। ঢাকায় বসবাসকারী খেলোয়াড়দের জন্য টিম হোটেলে যে কোনো সময় চেক-ইনের সুযোগ থাকছে।”
রাজশাহী এখন পর্যন্ত ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য তাদের আরও কিছু সমীকরণ মেলাতে হবে। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে পারিশ্রমিক বিলম্বসহ নানা কারণে দলের ভেতর অস্থিরতা স্পষ্ট হচ্ছে।
