নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে টুংগান সুলে শহর থেকে ডুগা শহরের উদ্দেশ্যে রওনা হয় নৌকাটি। কাইনজি জলাধারের কাছে গাউসাওয়া এলাকায় ডুবে থাকা একটি গাছের গুঁড়িতে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) জানিয়েছে, নৌকাটিতে যাত্রী ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ছিলেন, যা দুর্ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।

নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ওই নৌকায় ছিলেন, যারা ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিলেন।এনএসইএমএ’র মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।শাগুমি এলাকার প্রধান আদু ইনুয়া মুহাম্মদ জানান, “নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন।”