গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত।

লেখক: মোঃ তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ফলে অবরুদ্ধ এই উপত্যকায় মৃতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৫১ হাজার ২৫০ জনে পৌঁছেছে। বার্তাসংস্থা আনাদোলু সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।বার্তাসংস্থাটি আরও জানায়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলের চালানো গণহত্যামূলক আগ্রাসনে এই ভূখণ্ডে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ৬২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে সংঘাতের শুরু থেকে আহত মানুষের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনে পৌঁছেছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।দীর্ঘ ১৫ মাস ধরে সামরিক অভিযান চলার পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জের ধরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের গাজায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই বর্বরোচিত হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।জাতিসংঘের তথ্য অনুসারে, ইসরায়েলের নৃশংস হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও সম্মুখীন হয়েছে।