নিজস্ব প্রতিনিধি:
সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে পুরো একটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন মাত্র একজন বাসিন্দা।গতকাল সোমবার বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে এই তথ্য জানায়।
তারা জানায়, কয়েক দিনের টানা প্রবল বর্ষণের পর ৩১ আগস্ট মাররা পাহাড়ে এই ভয়াবহ ভূমিধস ঘটে।বর্তমানে দারফুর অঞ্চলটির নিয়ন্ত্রণে রয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট। নিহতদের মরদেহ উদ্ধারে তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে জরুরি সহায়তা চেয়েছে।
এদিকে, সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে দারফুরের দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। ওই অঞ্চলের পরিস্থিতি এতটাই কঠিন যে সেখানকার মানুষের জন্য পর্যাপ্ত খাবার ও ওষুধ সংগ্রহ করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
