নিজস্ব প্রতিনিধি:
দুর্গাপূজার ঠিক আগে রাতভর টানা বৃষ্টিতে ডুবে গেছে কলকাতা। প্রবল বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই এ বৃষ্টি নামছে এবং আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। শহরের দক্ষিণ ও পূর্ব অংশে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
কলকাতা পৌরসভা জানিয়েছে, গড়িয়া কামদাহারিতে এক রাতেই ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকায় আলাদা আলাদা প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। কয়েকটি স্কুল ইতোমধ্যে ছুটি ঘোষণা করেছে।
এদিকে জলাবদ্ধতায় শহরের যান চলাচল ভেঙে পড়েছে। রেল ও মেট্রো সেবাতেও ব্যাঘাত ঘটেছে। নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ।
রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ভ্রমণ সতর্কতা জারি করেছে।
পূজার আগে এমন বৃষ্টিতে উৎসবের প্রস্তুতি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। মাসের পর মাস ধরে তৈরি প্যান্ডেল ও সাজসজ্জা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে আয়োজকরা। ফলে শহরবাসীর পাশাপাশি পূজা উপলক্ষ্যে কলকাতায় আসা দেশি-বিদেশি পর্যটকরাও বিপাকে পড়েছেন।
