নিজস্ব প্রতিনিধি:
আহত ৩ হাজারের বেশিআফগানিস্তানে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই কম্পনে কমপক্ষে ৮১২ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে একাধিক গ্রাম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ মাইল গভীরে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তঘেঁষা কুনার প্রদেশের নোরগাল জেলা। তালেবান সরকারের আশঙ্কা—শুধু কুনারেই শত শত মানুষের মৃত্যু হতে পারে।দুর্যোগের পর আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার জন্য নাঙ্গারহার বিমানবন্দরে হেলিকপ্টার মোতায়েন করেছে তালেবান সরকার। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ ছাড়া বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের দুর্যোগ মোকাবেলায় যুক্ত করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে। এর পর আরও অন্তত তিনবার কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।
