নিজস্ব প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণে অনন্য নজির স্থাপন করেছে অস্ট্রেলিয়া। একটি খেলার মাঠে বিরল প্রজাতির পাখি ডিম দেওয়ায় মাঠটি পুরো এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।ইয়াহু নিউজের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, গত সপ্তাহে খেলোয়াড়রা ক্যানবেরা থেকে প্রায় ২০ মিনিট দূরের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে আবিষ্কার করে মাঠের মাঝখানে একটি প্লোভার পাখি ডিম পেড়েছে।
প্লোভার পাখি বাচ্চা ফোটার সময় অত্যন্ত সতর্ক ও আক্রমণাত্মক হয়ে ওঠে। আশপাশে বিপদের আভাস পেলেই তারা ডানা ঝাপটে, তীক্ষ্ণ শব্দ করে কিংবা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে অনধিকার প্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।এই পরিস্থিতিতে নিয়ম মেনে খেলোয়াড়দের অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কাউন্সিল জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম মাঠে ডিম দেওয়ার পর বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার-এর পরামর্শে সব ক্লাব ম্যাচ অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, ডিম ফোটানো পর্যন্ত মাঠ সর্বোচ্চ ২৮ দিন বন্ধ রাখা হতে পারে। তারা আরও বলেছে, “দেশি প্রজাতি রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। ডিম সরাতে চাইলে অনুমোদন সাপেক্ষে বিশেষজ্ঞদের মাধ্যমে তা করতে হবে।”এই উদ্যোগে স্থানীয় ফুটবল দলগুলো কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠে খেলা ও অনুশীলন চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের ধন্যবাদও জানানো হয়েছে।
