নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের লক্ষ্য সামনে রেখে ২০ দফার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প নিজেই।সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ প্রস্তাব প্রকাশ করেন।
তিনি একে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। তবে হামাস এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি তারা গভীরভাবে পর্যালোচনা করছে।নেতানিয়াহু পরিকল্পনার পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তির পথে একটি বড় অগ্রগতি। তবে হামাস যদি এই প্রস্তাব অমান্য করে কিংবা এর বিরোধিতা করে, তবে ইসরাইল এককভাবে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।প্রস্তাব অনুযায়ী, হামাস যুদ্ধবিরতিতে রাজি হলে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্ত করতে হবে। এরপর গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে গঠিত হবে একটি অন্তর্বর্তী প্রশাসন—‘বোর্ড অব পিস’।
এই বোর্ডের প্রধান থাকবেন ট্রাম্প, আর সদস্য হিসেবে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ আরও কয়েকজন আন্তর্জাতিক নেতা।অন্তর্বর্তী প্রশাসন গাজার দৈনন্দিন সেবা, পুনর্গঠন ও উন্নয়নের দায়িত্ব পালন করবে। এতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করা হবে, যারা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। পরিস্থিতি স্থিতিশীল হলে ইসরাইল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে, তবে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
