সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

আরবের মদিনার আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে সৌদি আরবের স্থানীয় সময় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী।নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে যান আবু বকর সিদ্দিক। সেখানে মদিনার আল-উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী বলেন, রোববার বিকেলে মদিনার আল-উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় বলে জানতে পেরেছি। এ সময় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই আবু বকর সিদ্দিকের মৃত্যু হয়। আবু বকর সিদ্দিকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে বলে জানান ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী।