সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে তারা শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে।বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে সরে যাওয়ার আগে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু শিক্ষার্থীদের পক্ষ থেকে বলেন, বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এর আগে, তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশে রওনা হন।

এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড ও লাঠিচার্জ চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।পরে সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা।তাদের দাবিগুলো হলো—১. ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার করতে পারবে না।২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশাধিকার শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।