নিজস্ব প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ লুটকৃত পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট।বুধবার (২০ আগস্ট) সকালে এ তথ্য গণমাধ্যমকে জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।জানা গেছে, মঙ্গলবার সকালে ৪৮ বিজিবির উৎমা বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার আদর্শগ্রামে অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণে মজুদ রাখা পাথর উদ্ধার করা হয়।বিজিবির তথ্য অনুযায়ী, উৎমাছড়া একটি প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এখান থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে আসছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর দেশের অন্যত্র পাচার করা সম্ভব হয়নি।প্রাথমিকভাবে উদ্ধারকৃত পাথরের পরিমাণ দুই লাখ ঘনফুট বলে ধারণা করা হচ্ছে।
পরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাথরের সঠিক পরিমাপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
