বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার!

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইহতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

রবিবার (২৬ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে কাঁথা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ইহতিয়াকের রুমে আরও দুইজন শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় তারা বাসার বাইরে ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ইহতিয়াক দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার হতাশা এবং বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে পরিবারের অমতের কারণেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

নিহতের ভগ্নিপতি মির্জা হাবিবুর রহমান জানান, ইহতিয়াক ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন এবং বসুন্ধরা এলাকায় সহপাঠীদের সঙ্গে একটি মেসে থাকতেন। ইহতিয়াক টাঙ্গাইল সদর উপজেলার প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব আলম চৌধুরীর ছেলে। তিনি ছিলেন দুই ভাইবোনের মধ্যে ছোট।

মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে।