রাশিয়ার কারণে যুদ্ধবিরতির আশা ভঙ্গ হচ্ছে : জেলেনস্কি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “কবে এই হত্যাযজ্ঞ থামবে তা এখনও স্পষ্ট নয়।”

এমন পরিস্থিতিতে সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। ওয়াশিংটন ডিসিতে তার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী শান্তিচুক্তির আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, তিনি শুধু যুদ্ধবিরতি নয়, ইউক্রেন সংকটের একটি স্থায়ী সমাধান চান।

পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে ফোন করে ট্রাম্প ‘অগ্নি থামানো ও হত্যাযজ্ঞ বন্ধের’ আহ্বান জানান।জেলেনস্কি পরে জানান, স্থায়ী শান্তির শর্ত হিসেবে তিনি মস্কোর কাছে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা এবং রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে অপহৃত শিশুদের মুক্তির দাবি তুলেছেন।ট্রাম্পের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বৈঠকের আগে পর্যন্ত তিনি যুদ্ধবিরতির পক্ষেই ছিলেন।

তবে বৈঠকের পর জানা যায়, পুতিন শান্তি প্রস্তাবে ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল ছাড়তে বলেছেন। এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝিয়া ও খেরসনে যুদ্ধ থামাতে রাজি হয়েছে।কিন্তু ইউক্রেন স্পষ্ট জানিয়েছে, তারা কোনোভাবেই ডনবাস ছাড়বে না।ইউরোপীয় কূটনীতিকরা আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্প আলোচনায় জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করতে পারেন। ইতোমধ্যেই তিনি ইউরোপীয় নেতাদের জানিয়েছেন যে, পুতিন কিছু ছাড় দিতে রাজি, যদিও এর বিস্তারিত প্রকাশ করেননি।

সূত্র: বিবিসি