অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

শেষ কবে তাকে ব্রাজিলের জার্সিতে দেখা গেছে—এই প্রশ্নের উত্তর খুঁজতে ভক্তদের বেশ কষ্ট করতে হবে। কারণ নেইমার সর্বশেষ মাঠে নেমেছিলেন প্রায় দুই বছর আগে। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার।

প্রায় ২২ মাস পর আবারও জাতীয় দলে ডাক পাচ্ছেন তিনি—এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলের জনপ্রিয় দৈনিক ‘ও গ্লোবো’। গত জুনের উইন্ডোতেও তার ফেরার জোর গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তখন কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে নেননি। কারণ হিসেবে জানিয়েছিলেন, নেইমার তখনও পুরোপুরি ফিট নন।আগামী মাসে আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল।

তার আগে সান্তোসের জার্সিতে নিয়মিত মাঠে নেমে ফিটনেস প্রমাণ করছেন নেইমার। সম্প্রতি তার পারফরম্যান্স কাছ থেকে দেখতে সান্তোসের ম্যাচে কোচিং স্টাফ পাঠান আনচেলত্তি। এরপরই নেইমারের জাতীয় দলে ফেরার খবর প্রকাশ্যে এসেছে। ‘ও গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর উইন্ডোর প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন আনচেলত্তি। এই তালিকা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। সেখানেই নেইমারের থাকার সম্ভাবনা প্রবল।

সেপ্টেম্বরে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে খেলবে সেলেসাওরা, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে নামবে তারা। এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে, গোল ব্যবধানে এগিয়ে থাকায়। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ৩৫ পয়েন্ট নিয়ে।অন্যদিকে, আনচেলত্তির অধীনে এটিই হবে ব্রাজিলের তৃতীয় ম্যাচ। গত জুনে তার কোচিংয়ে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে সেলেসাওরা। এরপর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ইতালিয়ান কোচের দল।