নিজস্ব প্রতিনিধি:
বৃষ্টির সঙ্গে আকাশজুড়ে জমে আছে কালো মেঘ, যা গত কয়েক দিনের ভ্যাপসা গরমে ক্লান্ত নগরবাসীর জন্য এনেছে স্বস্তি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, মঙ্গলবার রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
