হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, চলছে সরাসরি সম্প্রচার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ শুরু করেছে।

রোববার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষে সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতিতে এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এরই মধ্যে মামলায় সাক্ষ্য দিতে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, যিনি আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়। মামলায় অভিযোগ রয়েছে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় ১,৪০০ জন ছাত্র ও সাধারণ মানুষকে হত্যার পাশাপাশি হত্যা উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন।