নিজস্ব প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে একটি চূড়ান্ত বিকল্প হিসেবে বিএনপি সংসদে আলোচনা চায়, র্যাংকিং পদ্ধতির মাধ্যমে নয়।মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে নীতিগতভাবে সব দল একমত, তবে গঠনের প্রক্রিয়া নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে।
কমিশন ও অন্যান্য দলের প্রস্তাব অনুযায়ী একটি বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার থাকবেন।এই কমিটিতে সিদ্ধান্ত না হলে ক্ষমতাসীন দল ও বিরোধী দল ৫ জন করে মোট ১০ জনের এবং অন্যান্য দল ২ জনের নাম প্রস্তাব করবে। তাদের মধ্য থেকে যদি অন্তত ৪ জনকে একমত হয়ে প্রস্তাব করা যায়, তাহলে তা কার্যকর হবে। তাতেও সমাধান না এলে র্যাংকিং পদ্ধতি গ্রহণ করা হবে।বিএনপি এই পদ্ধতির সঙ্গে একমত নয়।
তারা চায়, এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হোক এবং সেখানে বিস্তারিত আলোচনা হোক। এতে জনগণের মতামত নেওয়া যাবে, সভা-সেমিনার আয়োজন করা যাবে।সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, যদি সংসদেও সমাধান না আসে, তাহলে বিএনপি ১৩তম সংশোধনীর পক্ষে থাকবে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না।তিনি বলেন, বিএনপি চায় না যে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সংবিধানে সংযুক্ত করে তাকে ভারী করা হোক। বরং আইনি পদ্ধতিতে নিয়োগ হলে জবাবদিহিতা নিশ্চিত হবে।
ইতোমধ্যে বিএনপি নির্বাচন কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পক্ষে রয়েছে এবং এর নিয়োগ পদ্ধতিকে সাংবিধানিকভাবে নির্ধারণের দাবি জানাচ্ছে।সালাহউদ্দিন আরও জানান, “জুলাই সনদের” খসড়ায় যে অঙ্গীকারের কথা বলা হয়েছে, বিএনপি তাতে একমত। যদি কোনো ভাষাগত সংশোধনের প্রয়োজন হয়, বিএনপি তা দেবে। দুই বছরের বাস্তবায়ন পরিকল্পনাতেও বিএনপি একমত রয়েছে।
