জামায়াতের নেতারা কখনোই দেশ ছেড়ে পালায়নি, ভবিষ্যতেও পালাবে না: ডা. শফিকুর রহমান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দেশের সংকটময় সময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে ফিরে এসে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী শক্তির দোসর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “জামায়াতের কোনো নেতা ‘বেগম পাড়া’ বা ‘পিসি পাড়া’ তৈরি করেনি। আমাদের কেউ কখনো দেশ ছেড়ে পালায়নি, আর কখনো পালাবে না। যারা দেশ ও জনগণকে ভালোবাসে না, তারাই বিদেশে নিজেদের দ্বিতীয় ঠিকানা গড়ে তোলে এবং নিজেদের স্বার্থে দেশ ছেড়ে চলে যায়।”

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের দৃঢ় অবস্থানের কারণেই দলটির শীর্ষ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে ‘বিচারিক হত্যা’ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “গত ৫৪ বছরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের কোনো নাগরিকের ওপর অবিচার বা জুলুম করা হয়নি। আমাদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমরা একটি দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, ইনশাআল্লাহ দেশকেও নিয়ন্ত্রণ করতে পারব। যারা নিজেদের দলকেই ঠিকমতো সামলাতে পারে না, তারা কখনোই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না।”

ইসলামকে ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম’ আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তাহলে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ধর্ষক, খুনি, লুটেরারা অবশ্যই ভয় পাবে—এ কারণেই তারা অপপ্রচার চালাচ্ছে।”

তিনি প্রশ্ন করেন, “যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আন্দোলনরতদের মা-বোন বাজারে যেতে পারে, হাসপাতালে যেতে পারে এবং মৌলিক প্রয়োজন মেটাতে পারে, তাহলে কেন বলা হবে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের চলাফেরায় বাধা আসবে?”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “সব ধর্ম ও লিঙ্গের নারী-পুরুষ রাষ্ট্রের কাছে সমান মর্যাদার অধিকারী। রাষ্ট্র কখনো ধর্ম বা লিঙ্গভেদে বৈষম্য করতে পারে না।”

তিনি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করে বলেন, “জামায়াতে ইসলামী ইসলাম ও দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করতে চায়। আমাদের রাজনীতি মানবতার পক্ষে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেনারেল মাওলানা এ টি এম মাছুম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সম্মেলনটি পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান।