উত্তরায় বিমান বিধ্বস্ত – নিহতের সংখ্যা বেড়ে ২৭, অধিকাংশই শিশু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।মঙ্গলবার (২২ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “মৃতদের মধ্যে একজন পাইলট, একজন শিক্ষিকা এবং ২৫ জন শিশু রয়েছে।”এ ঘটনায় আরও অন্তত ৭৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, এবং দুজন রোগী বর্তমানে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ভোররাতে জানান, ৯ বছর বয়সী বাপ্পি নামে এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।এর আগে রাতেই কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তাদের মধ্যে রয়েছে এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) এবং সায়ান ইউসুফ (১৪), যাদের শরীর ৮৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছিল।

এছাড়াও মৃত্যুবরণ করেছেন আরও কয়েকজন শিক্ষার্থী, যেমন অষ্টম শ্রেণির তানভীর আহমেদ, সপ্তম শ্রেণির আফনান ফাইয়াজ, প্রাইমারি সেকশনের সমন্বয়ক মাহেরীন চৌধুরী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ সামিন। বর্তমানে ৪১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সর্বশেষ যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০ জন। তাদের মধ্যে ৮ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আইএসপিআর জানায়, এই ঘটনায় মোট ১৭১ জন আহত হয়েছেন এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ক্লাস চলছিল।